মার্চ থেকে ডিজিটাল হচ্ছে বিমান টিকিটিং : প্রধানমন্ত্রী

মার্চ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ডিজিটালাইজড হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা ভবনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।

শেখ হাসিনা বলেন, ‘২০২২ সালের মার্চ মাস থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পেসেঞ্জার সার্ভিস সিস্টেমটাকে সম্পূর্ণ ডিজিটালাইজড করে দিচ্ছে। অনলাইনে টিকিটিং, রিজার্ভেশন, বিমানবন্দরে পৌঁছানোর পর চেক ইন-সবকিছু অনলাইনে হবে। এটা আমাদের প্রবাসীদের জন্য খুবই প্রয়োজনীয়। আজকে আন্তর্জাতিকভাবে পৃথিবীর সব দেশে এই ব্যবস্থাটা আছে। আমরা এ ক্ষেত্রে একটু পিছিয়ে ছিলাম।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যতবার দেশের বাইরে গিয়েছি, সব সময় আমার একটা লক্ষ্য ছিল যে, নিজেদের বিমান ব্যবহার করব। কিন্তু আমার অভিজ্ঞতা আছে, তখন বিমানের কী বিধ্বস্ত অবস্থা ছিল। ১৯৯৬ সালে যখন আমরা সরকার গঠন করি, তখন উদ্যোগ গ্রহণ করি। যদিও তখন আর্থিকভাবে অনেক সীমাবদ্ধতা ছিল, তার মাঝেও আমরা চেষ্টা করেছিলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উন্নয়নে আরও কিছু বিমান বহরে যুক্ত হোক। আমাদের আন্তর্জাতিক ফ্লাইট আরও চালু হোক, সেভাবে আমরা ব্যবস্থা নিয়েছিলাম। মাত্র পাঁচ বছর হাতে সময়। সেভাবে কাজ করে যেতে পারিনি। তবুও আমরা কাজ করেছি।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘দ্বিতীয়বার আমি যখন সরকারে আসি, লক্ষ্য করি, বাংলাদেশ বিমান নিউইয়র্ক, ব্রাসেলস, প্যারিস, ফ্রাংকফুর্ট, মুম্বাই, নারিতা এবং ইয়াঙ্গুন রুটে যে চলাচল করতো, সেগুলো সব লোকসান দেয় এবং একে একে সব বন্ধ করে দিতে হয়। আওয়ামী লীগ সরকারে এসে এই যে জরাজীর্ণ একটা বিমান, এটার উন্নয়নে কাজ করি। এমন কী একটা গানও শোনা যেতো না। যদি আমি জানালার সিটে বসতাম, তখন তো ঝরঝর করে পানি পড়তো। কোনমতে কাপড় দিয়ে সে পানি বন্ধ করা হতো। এমনই আমাদের বিমানের দুর্দশা ছিল। আমি পাইলটদের সব সময় ধন্যবাদ জানাতাম যে, এ ধরনের ঝরঝরা অবস্থায় সাহস করে তারা বিমান চালাচ্ছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *