পুতিন-সির বৈঠক আজ, গুরুত্ব পাবে নিরাপত্তা ইস্যু

ইউক্রেনের অচলাবস্থার মধ্যেই বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এর সঙ্গে সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ শুক্রবার এই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

শীতকালীন অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে প্রায় দুই বছর পর বেইজিং সফর করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ধারণা করা হচ্ছে, দুদেশের মধ্যে ইউক্রেন ইস্যুতে বিস্তারিত আলোচনা হতে পারে। পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার কারণেই চীন ও রাশিয়ার এই ঘনিষ্ঠতা বলে মনে করছেন বিশ্লেষকরা।

চীনের উহানে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর লকডাউনের আওতায় আনা হয় দেশটির প্রধান শহরটিকে। ফলে ২০২০ সালের জানুয়ারিতে যখন চীনে করোনা প্রকট আকার ধারণ করে, তারপরে দেশ থেকে বের হননি সি চিনপিং।

সি চিনপিং বিশ্বের ২০ জন নেতার সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, করোনা মহামারির উৎস নিয়ে দ্বন্দ্ব এবং অলিম্পিক আয়োজন নিয়ে কূটনৈতিকভাবে বর্জনের দিক থেকে দৃষ্টি সরাতে চান সি চিনপিং ।

গত বুধবার প্রেস ব্রিফিংয়ে ক্রেমলিনের একজন শীর্ষ উপদেষ্টা জানান, নিরাপত্তা এবং অন্যান্য বিষয় নিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করার আগে প্রেসিডেন্ট সি এবং পুতিন চীনের রাজধানীতে দেখা করবেন। এরপর শীর্ষ দুই নেতা শুক্রবার সন্ধ্যায় যোগ দেবেন শীতকালীন অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানে।

যুক্তরাষ্ট্রের বেইজিংয়ের অলিম্পিক আয়োজন বর্জনের পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের প্রথম বিদেশি কোনো নেতা, যিনি অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। গতবছর ডিসেম্বরে ফোনকলেও সি চিনপিংকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেন পুতিন।

এদিকে, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে সমন্বিত অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে চীন। বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দেশটির এমন অবস্থানের কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। চীন ও রাশিয়া ইউক্রেনের বিষয়ে তাদের সমন্বিত অবস্থানের বিষয়ে একমত। এছাড়া নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বিষয়ে রাশিয়ার অবস্থানের প্রতিও সমর্থন জানিয়েছে বেইজিং।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *