ব্যক্তিগত আক্রমণের অভিযোগ এনে ‘মাস্টার মেকার’খ্যাত পরিচালক মালেক আফসারীর বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।
জিডিতে অরুণা বিশ্বাস অভিযোগ করেছেন, ৭ মার্চ সন্ধ্যায় একটি ভিডিও তৈরি করে মালেক আফসারী তার ইউটিউব চ্যানেলে আপলোড করেন। যেখানে তাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন আফসারী। বিষয়টি তিনি তার এক ভাতিজার মাধ্যমে জানতে পারেন।
অরুণা আরও উল্লেখ করেন, ভিডিওতে মালেক আফসারী কু-ইঙ্গিতপূর্ণ এমন কিছু কথা বলেছেন, যা অরুণার ব্যক্তিগত ইমেজ এবং পারিবারিক সম্মান নষ্ট করেছে। এ বিষয়ে অরুণা বিশ্বাস ফোনে কল দিলে ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে ফেলেন মালেক আফসারী।
এ প্রসঙ্গে মালেক আফসারী বলেন, ‘আমি আপনার কাছেই খবরটা শুনলাম। যেহেতু আমাকে অফিসিয়ালি কিছু বলা হয়নি, তাই এ নিয়ে এখন কিছু বলতে চাচ্ছি না।’