বিকেল থেকেই আকাশজুড়ে ছিল মেঘ। শঙ্কা ছিল বৃষ্টির। অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো। এআর রহমানের গান শুরু না হতেই থেমে যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্ট।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। বৃষ্টি বাড়তে থাকায় কনসার্ট বন্ধ রাখা হয়। মাঠে উপস্থিত দর্শকের কেউ কেউ দৌড়ে নিরাপদে আশ্রয় নিলেও ৫ ও ১০ হাজার টাকার টিকিটের দর্শকের অধিকাংশের বৃষ্টিতে ভিজতে হয়।
এর আগে বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর মঞ্চে গান পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড মাইলস এবং কণ্ঠশিল্পী মমতাজ। তাদের গান পরিবেশনের পর মাগরিবের নামাজের বিরতি দেওয়া হয়।
অনুষ্ঠানে অংশ নিতে ২৪০ জনের বহর নিয়ে এরই মধ্যে বাংলাদেশে এসেছেন এআর রহমান। গত সোমবার শের-ই-বাংলা স্টেডিয়ামের অস্থায়ী মঞ্চে অনুশীলনও সেরে নেন প্রখ্যাত এই গায়ক। মঙ্গলবার বিকেলের পর কনসার্টে এআর রহমান পারফর্ম শুরুর কথা ছিল। যেখানে ম্যারাথন এই পারফরম্যান্সে তিনি গাইবেন ৩৫টি গান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য মিরপুরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বেশ বড়সড় উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০২০ সালের মার্চে হওয়ার কথা ছিল মুজিববর্ষের কনসার্ট। যেখানে ভারতের প্রখ্যাত সুরকার এআর রহমানের থাকার কথা ছিল। করোনার কারণে সেই অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয় বিসিবি। এবার করোনার প্রকোপ কমায় ফের সেই কনসার্ট করার সিদ্ধান্ত নেয় তারা।