শ্রেণিকক্ষের কোলাহল পুরোদমে ফিরছে কাল থেকে

করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম আংশিক চলছিল। অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রাণ ফিরছে শিক্ষাঙ্গনে। আগামীকাল মঙ্গলবার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে সশরীরে পুরোদমে ক্লাস শুরু হবে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণের পর ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। এরপর গত বছরের ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও তা ছিল আংশিক। দ্বিতীয় দফায় করোনার প্রকোপে ২১ জানুয়ারি ফের বন্ধ ঘোষণা করা হয় শিক্ষাপ্রতিষ্ঠান। পরিস্থিতির উন্নতি হওয়ায় এক মাস পর ২২ ফেব্রুয়ারি শুধু মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসা এবং কলেজ আর বিশ্ববিদ্যালয়ে সরাসরি ক্লাস চালু করা হয়। এরপর ২ মার্চ সীমিত আকারে প্রাথমিক স্তরের পাঠদান শুরু হয়।

রাজধানীতে শনিবার একটি স্কুলের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সব বিষয়ে শ্রেণিকক্ষে পাঠদান ১৫ মার্চ শুরু হবে। নতুন শিক্ষাক্রম চালু হলে পরীক্ষার সংখ্যা কমবে। শিক্ষার্থীদের পরীক্ষাভীতি দূর হবে। প্রতিদিনের লেখাপড়া মূল্যায়ন প্রতিদিনই হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *