দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে চুয়াডাঙ্গা সদর উপজলা বিএনপির সভাপতি নজরুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে সদর উপজলার কুতুবপুর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) রাতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ জানান, বর্তমান সময় দেশের ক্রান্তিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শৃঙ্খলাভঙ্গের দায়ে চুয়াডাঙ্গা সদর উপজলা বিএনপির সভাপতি নজরুল ইসলামকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় জ্যেষ্ঠ সহ-সভাপতি এম.আর.মুকুলকে। একই দায়ে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তীতে স্বাক্ষর করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান খান বাবু জানান, হাট-ঘাট-বাজার এগুলো নিয়ে কোন কোন্দলে জড়ানো যাবেনা, এ বিষয়টি জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ তাদেরকে বোঝানার পরও তারা এসব কর্মকান্ডে জড়িয়ে পড়েন। কেন্দ্রীয়ভাবে হাট-বাজার ও চাঁদাবাজীতে না জড়ানোর নির্দেশনা রয়েছে। বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে পরামর্শ করে দলীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সদর উপজলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম দলীয় সিদ্ধান্ত না মেনে এ সকল কাজে জড়িয়ে পড়েন। তাকে এ কারনে সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর কুতুবপুর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ ধরনের কর্মকান্ডে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।