চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় রাজশাহী সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলীকে (৫০) ও তার সহযোগী নাজমুল হককে (৩৪) আটক করেছে বিজিবি।
বুধবার (৭ আগস্ট) দুপুরের পর ওই দু’জনকে আটক করে বিজিবি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী সিটি কর্পোরেশন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ দু’জন পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বিজিবি।
এরা হলেন, রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার বুড়িমারী পাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে ওয়ার্ড কাউন্সিলর রজব আলী ও তার আপন ভাই আলী রেজার ছেলে নাজমুল হক। বৈধপথে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।