সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করে আসায় চাকরি স্থায়ী এবং কর্মঘণ্টা নির্ধারণ করার দাবি জানিয়েছে স্কুলের দপ্তরি কাম প্রহরীরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিজয়নগর শ্রম ভবনে শ্রম কমিশনের সঙ্গে বৈঠক করে তারা এ দাবি জানান।
তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত প্রায় ৩৭ হাজার দপ্তরি কাম প্রহরী তাদের চাকরি স্থায়ীকরণ এবং কর্মঘণ্টা নির্ধারণ করতে হবে। আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করে আসলেও স্থায়ীকরণ না হওয়ায় আমরা ক্ষুব্ধ।
বক্তারা আরও বলেন, প্রাথমিক দপ্তরিরা সরকারি নির্দেশনা অনুযায়ী নিযুক্ত হলেও আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত হওয়ায় স্থায়ী কর্মচারীর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। আমরা ইনক্রিমেন্ট, পাহাড়ি ভাতা প্রাপ্তির মতো সুযোগ থেকেও বঞ্চিত। এই সমস্যা সমাধানে আমরা শ্রম সংস্কার কমিশনের সঙ্গে বসেছি।
সভায় শ্রম কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ তাদের উদ্দেশ্যে বলেন, বিভিন্ন দায়িত্ব, ভাতা, ওভারটাইম নিয়ে সুনির্দিষ্ট দাবি লিখিত আকারে পেশ করুন। আমরা এ বিষয়ে সুপারিশ করবো।
সভায় দেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং শ্রম আইন সংস্কারে সুপারিশসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তারা এ সময় বেশ কিছু দাবি তুলে ধরেন- যার মধ্যে আছে গণঅভ্যুত্থান ও শ্রমিক হত্যাকাণ্ডের বিচার দাবি, শ্রম আইন সংস্কার ও বাস্তবায়ন, ট্রেড ইউনিয়ন গঠনে বাধা দূর করা, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ, শ্রম আইন বাস্তবায়নে তদারকি ব্যবস্থা জোরদার করা।