বুয়েটে ন্যাশনাল ল্যাব স্থাপন করবে বিইপিআরসি

বুয়েটে বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিচার্স ল্যারেটরি (বিইপিআরএল) স্থাপনের উদ্দেশ্যে বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিচার্স কাউন্সিল (বিইপিআরসি)-এর সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রবিবার ০৬ মার্চ, ২০২২ সকালে বিইপিআরসি’র কনফারেন্স রুম (কক্ষ নং-১২১১), আইইবি ভবন (লেভেল-১১), রমনা, ঢাকায় উক্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব জনাব মো. মাহবুব হোসেন, বিদ্যুৎ বিভাগের সচিব জনাব মো. হাবিবুর রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য ড. মুহাম্মদ আলমগীর। এসময় বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আরআইএসই)-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ আনিসুজ্জামান তালুকদার উক্ত ল্যাব স্থাপনের কার্যকারিতার একটি প্রতিবেদন উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইপিআরসি’র চেয়ারম্যান (সচিব) জনাব সত্যজিত কর্মকার।

সমঝোতা স্মারকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও বিইপিআরসি’র চেয়ারম্যান (সচিব) জনাব সত্যজিত কর্মকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

গবেষণাগারটি প্রাথমিকভাবে বুয়েটে স্থাপন করা হবে এবং পরবর্তীতে দেশের বিভিন্ন অঞ্চলে এর ফুটপ্রিন্ট স্থাপন করা হবে। বিইপিআরএল স্থাপিত হলে এর মাধ্যমে নিম্নোল্লিখিত উদ্দেশ্যসমূহ অর্জন করা যাবেঃ

গবেষণাগারটি একটি কেন্দ্রীয় রিসোর্স হাব হিসেবে সরকারি/বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, শিল্প প্রতিষ্ঠান, প্রকৌশলী, বিজ্ঞানী, গবেষক, ছাত্র এবং উদ্যোক্তাদের প্রবেশাধিকার নিশ্চিত করা;

স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে প্রায়োগিক ও উদ্ভাবনী গবেষণা সংশ্লিষ্ট যোগসূত্র স্থাপনকে পৃষ্ঠপোষকতা করা;

একাডেমিক গবেষণা এবং শিল্প প্রতিষ্ঠানসহ অন্যান্য অংশীজনের চাহিদার মধ্যে সমন্বয় সাধনের নিমিত্তে সময়ে সময়ে প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপসহ বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম গ্রহণ;

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন ডাটা সংরক্ষণ এবং গবেষণা কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট অংশীজনদের সাথে ডাটা শেয়ার করার জন্য একটি ডাটা রিপোজিটরি স্থাপন করা;

এসডিজি লক্ষ্য বাস্তবায়নের নিমিত্তে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিদ্যমান সমস্যাসমূহের দেশীয় ও টেকসই সমাধান উদ্ভাবন করা।

উক্ত অনুষ্ঠানে বুয়েটের ডিন মহোদয়গণ, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার, সম্মানিত শিক্ষকবৃন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ^বিদ্যালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *