ভিসা ছাড়া ইউক্রেন থেকে পোল্যান্ড যেতে পারবেন বাংলাদেশিরা

ভিসা ছাড়াও পোল্যান্ডে ঢুকতে পারবেন ইউক্রেনের বাংলাদেশিরা। এক্ষেত্রে বৈধ পাসপোর্টধারীরা সীমান্ত রক্ষী বাহিনীকে পাসপোর্ট দেখিয়ে দেশটিতে আশ্রয় নিতে পারবেন। আজ শুক্রবার পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

দূতাবাস সূত্রে জানা গেছে, যাদের পাসপোর্ট নেই, তারা ট্রাভেল পাস নিয়ে পোল্যান্ডে আশ্রয় নিতে পারবেন। এছাড়া প্রত্যেক বাংলাদেশিকে ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সঙ্গে রাখতে অনুরোধ করেছে তারা।

ওয়ারশ’র বাংলাদেশ দূতাবাসের একটি দল আগামীকাল শনিবার সকালে পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের পথে রওনা হবেন। ইউক্রেন থেকে পোল্যান্ডে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের তারা সহায়তা দেবেন।

এদিকে, রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনের ভেতরে বিচ্ছিন্ন বোমা বিস্ফোরণ, পেট্রোলের অপ্রতুলতা এবং পথে অতিরিক্ত ট্রাফিক জ্যাম অব্যাহত আছে। তাই দেশটির সীমান্তের দূরবর্তী এলাকায় অবস্থান করা প্রবাসী বাংলাদেশিদের রওনা হওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করার অনুরোধ জানানো হয়েছে।

অন্যদিকে, ইউক্রেনের দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যারা আছেন তারা রুমানিয়ায় যেতে পারবেন এমন তথ্যও জানানো হয়েছে। সে ক্ষেত্রে রুমানিয়া সরকার বাংলাদেশিদের দুই দিনের থাকার ব্যবস্থা করবে এবং তারপর বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তত্বাবধানে রেখে তাদের বাংলাদেশে আসার ব্যবস্থা করবে বলেও জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *