ভারত ভ্রমণে নাগরিকদের ভিসা জটিলতা তুলে ধরেছে বাংলাদেশ

নাগরিকদের চলাচলের সুবিধার্থে দ্বিপক্ষীয় সংশোধিত ভ্রমণ ব্যবস্থা (আরটিএ) আরও উন্নত করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারত। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের ভারত ভ্রমণে ভিসা সংক্রান্ত অসুবিধার কথা তুলে ধরেছে ।

বুধবার (২৯ মে) দিল্লিতে বাংলাদেশ-ভারত চতুর্থ কনস্যুলার সংলাপে এসব আলোচনা হয়েছে।

সংলাপে কনস্যুলার ইস্যু, ভিসা সংক্রান্ত বিষয়, পারস্পরিক আইনি সহায়তা চুক্তি এবং প্রত্যাবাসনের ক্ষেত্রে সমন্বয় ও সহযোগিতা জোরদার করা নিয়ে উভয়পক্ষ বিস্তারিত আলোচনা করেছে। সংলাপে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এ. টি. এম. রকিবুল হক। অন্যদিকে দিল্লির পক্ষে যুগ্মসচিব (সিপিভি) ড. আমান পুরী।

সংলাপে বাংলাদেশ ভারত সফরসহ কিছু বাংলাদেশির ভিসা সংক্রান্ত বিভিন্ন অসুবিধার কথা গুরত্বসহকারে তুলে ধরেন। উভয়পক্ষ দুই দেশের জনগণের মধ্যে আদান-প্রদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং ঢাকায় সুবিধাজনক সময়ে পরবর্তী সংলাপে বসার বিষয়ে সম্মত হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ-ভারতের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে ২০১৭ সালে কনস্যুলার, ভিসা, পারস্পরিক আইনি সহযোগিতা সংক্রান্ত বিষয়ে যোগাযোগের একটি কার্যকর মাধ্যম হিসেবে প্রথম কনস্যুলার সংলাপ চালু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *