রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাসব্যাপী ইফতারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারই ধারাবাহিকতায় সোমবার (৩ মার্চ) দ্বিতীয় রোজায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রায় ১২ হাজার শিক্ষার্থী একযোগে ইফতার করেছেন।
সরেজমিনে দেখা যায়, আসরের নামাজের পর থেকেই শিক্ষার্থীরা দলে দলে কেন্দ্রীয় মসজিদে আসতে শুরু করেন। এ সময় মসজিদের ভেতরে এবং মসজিদ-সংলগ্ন বাগানে তারা ইফতারির জন্য সারিবদ্ধভাবে বসেন। এ ছাড়া নারী শিক্ষার্থীদের জন্য মসজিদের বাগানে আলাদা ইফতারির ব্যবস্থা করা হয়। মসজিদ প্রাঙ্গণে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।
ইফতারে অংশগ্রহণ করতে আসা ইনফরমেশন সাইন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রোকনুজ্জামান বলেন, আজকের আয়োজন অনেক ভালো ছিল। এখানে সবার সঙ্গে ইফতার করতে এসে খুবই ভালো লাগছে। একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিটা দিন মনে হচ্ছে ইদের মতো। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
সার্বিক বিষয়ে জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, আমরা আজ প্রায় সাড়ে ১১-১২ হাজার শিক্ষার্থীর জন্য ইফতার আয়োজন করেছি। যা গতকালের তুলনায় ৩ গুণ।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব, উপউপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন খান (প্রশাসন), উপউপাচার্য অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান (শিক্ষা), রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসউদ ও জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।
উল্লেখ্য, প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী ইফতারির আয়োজন করা হয়েছে।