পৃথিবীর কোনো বিপ্লব সংবিধান মেনে হয়নি, হয় না উল্লেখ করে জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বাংলাদেশেও জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত বিপ্লব সংবিধান মেনে হয়নি।
তিনি বলেন, বিদ্যমান সংবিধানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন না হলেই জনগণ বিপ্লবের মাধ্যমে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়। বিপ্লবের মাধ্যমে কোনো সরকার পদত্যাগ করে না বরং ক্ষমতাচ্যুত হয়। পদত্যাগ সংবিধান মেনে হয় কিন্তু ক্ষমতাচ্যুত সংবিধান মেনে হয় না, বিপ্লবের মাধ্যমে হয়। এছাড়া শেখ হাসিনার তৈরি নিষিদ্ধ সংগঠন আইনেই রাষ্ট্রপতির আদেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডি জোন জামায়াতে ইসলামির অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হল রুমে ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদের সদস্য ও ধানমন্ডি জোন পরিচালক ইঞ্জিনিয়ার শেখ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবির কর্মশালায় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করার খবর প্রচার হলে দেশের জনগণ আনন্দ মিছিল এবং আল্লাহর শুকরিয়া আদায় করে। দেরিতে হলেও রাষ্ট্রপতি দেশের জনগণের মনের ভাষা বুঝতে পেরেই সন্ত্রাসী সংগঠন ছাত্র লীগকে নিষিদ্ধ করার আদেশ প্রদান করেন। কিন্তু শেখ হাসিনা তার শরিক ১৪ দলের মতামতের ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল। সেই প্রজ্ঞাপন জনগণ ডাস্টবিনে ছুড়ে ফেলেছে। বরং জনগণ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ ছাড়া করেছে।
ড. মাসুদ উপস্থিত অগ্রসর কর্মীদের উদ্দেশ্যে বলেন, জামায়াতে ইসলামি করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে নামাজ, রোজা, যাকাত, হজ্জ পালনের মতই দ্বীন কায়েমের আন্দোলনে অংশগ্রহণ করা আল্লাহর ফরজ বিধান। এই ফরজ বিধান অমান্য করার কোনো সুযোগ নাই।
ছাত্রশিবিরের সাবেক এ কেন্দ্রীয় সভাপতি বলেন, জামায়াতে ইসলামি দ্বীন কায়েমের আন্দোলন করছে। মহান আল্লাহ মহাগ্রন্থ আল কুরআনে ঘোষণা দিয়েছেন, মুমিনদের মধ্যে শপথ বদ্ধের জন্য জান্নাত রয়েছে। তাই শুধু মুমিন হলে হবে না, শপথ বদ্ধ হতে হবে। তিনি বাংলার জমিনে আল্লাহ দ্বীন কায়েমের মাধ্যমে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায় জনসাধারণকে ঐক্যবদ্ধ করতে উপস্থিত কর্মীদের প্রতি আহ্বান জানান।