পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, এবারের দুর্গাপূজা অনেক চ্যালেঞ্জিং ছিল। অনেকেই দুর্গাপূজা ঘিরে শঙ্কা প্রকাশ করেছেন। আমরা পূজা শুরুর আগেই আপনাদের আশ্বস্ত করেছি; শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে। এবার দুর্গাপূজা অনেক জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে।
বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটেছে উল্লেখ করে আইজিপি বলেন, প্রতিটি ঘটনায় আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এখন পর্যন্ত ৩৫টি অপ্রীতিকর ঘটনায় ১১টি মামলা ও ২৪টি জিডি হয়েছে। এসব ঘটনায় ১৭ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন আইজিপি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, দেশে ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, প্রতিটি ঘটনায় আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এখন পর্যন্ত ৩৫টি অপ্রীতিকর ঘটনায় ১১টি মামলা ও ২৪টি জিডি হয়েছে। এসব ঘটনায় ১৭ জনকে আটক করা হয়েছে।